কুমিল্লায় কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’–এর মূলহোতা ৪ জনসহ ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত এই অভিযান চলে। জেলা পুলিশের ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, পাঁচ ধাপের অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে আগের চার ধাপে আটক ১ হাজার ১৩০ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানের ফলে কিশোর গ্যাংয়ের শীর্ষ লিডাররা আত্মগোপনে চলে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং ‘টিম র’ এবং ‘ক্রাইম সেটাপ’-এর ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। আটককৃতদের মধ্যে গ্যাং ‘র’–এর মূলহোতা ইমরান হোসেন রতন (১৯) রয়েছে, যার বিরুদ্ধে ৯টি গুরুতর মামলা রয়েছে।
অন্যদিকে, গ্যাং ‘ক্রাইম সেটাপ’ এর শীর্ষ নেতা মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) এবং রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ও আটক হয়েছেন। পুলিশ জানায়, কাউকে বাসা থেকে বা রেস্তোরাঁয় বসে থাকা অবস্থায় আটক করা হয়নি। সন্ধ্যার পর যারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল, তাদেরই আটক করা হয়েছে।
প্রসঙ্গত, ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার হত্যাকাণ্ডে কিশোর গ্যাংয়ের সদস্যদের সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়ার পর পুলিশ এই অভিযান জোরদার করে। এ ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সতর্ক করেন যে, কোনো গ্যাং সদস্যকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম গণমাধ্যমে প্রকাশ করা হবে।