কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিকেল ৩টায় তাদের পরিচয় এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গত বুধবার রাতে একই ধরনের অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনকে মাদক, ছিনতাই, গ্যাংলিডিং এবং নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে আদালতের সোপর্দ করা হয়।
এভাবে দুই দফার অভিযানে মোট ৮৭৮ জনকে আটক করা হলো। অতিরিক্ত পুলিশ সুপার জানান, কুমিল্লা জেলা পুলিশের সব ইউনিট একযোগে এ অভিযান পরিচালনা করছে।
নগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার আওতাধীন কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধ প্রবণ এলাকাগুলোতে অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।