কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৩৭৯ জনকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮ থানার পুলিশ এবং গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফর রহমান আজ বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর থেকে টানা তিন দফায় একইভাবে ১২৯৩ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৮৭৪ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং ৪১৯ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, অপ্রতিমের হত্যাকাণ্ডের পর থেকে চার দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ১৬৭২ জনকে আটক করা হয়েছে। লুৎফর রহমান বলেন, 'কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে এমন স্থান, কিশোরদের আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়েছে।'
তিনি আরও জানান, 'গত কয়েক দিনের ধারাবাহিক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি গ্যাং লিডাররাও ধরা পড়ছে। ফলে কুমিল্লাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এবং অপরাধপ্রবণতাও কমে আসছে।'
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, 'আটক ব্যক্তিদের মধ্যে কারা অপরাধের সঙ্গে জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে।'