কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় ন্যায়বিচারের আশ্বাসও দিয়েছেন।
রাশেদ খান আজ রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান। তিনি বলেন, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হয়েছে।
তিনি আরও জানান, নিউ গিনি প্রোপার্টিজের সংলগ্ন সাবেক সরকারি কর্মকর্তাদের ২৩ কাঠা জমি রয়েছে, যার মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে। সাবেক সরকারি কর্মকর্তাদের অভিযোগ, নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীন অতীতে প্রভাব বিস্তার করে এই ৮ কাঠা জমি দখল করেছেন।
রাশেদ খান বলেন, সালমান মুক্তাদির সম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে ৫০০০ স্কয়ার ফিট জায়গা ভাড়া নিয়ে স্টুডিও স্থাপন করেছেন। তবে নাজিম উদ্দীন সম্প্রতি নতুন গেট স্থাপন করেছেন, যাতে অন্য জমির মালিকরা প্রবেশ করতে না পারে।
তিনি উল্লেখ করেন, সাবেক সরকারি কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে লোকজন ভাড়া করে গেট ভাঙতে গিয়ে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙে ফেলেছেন। রাশেদ খান বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং আইনের আশ্রয় নেওয়ার পরিবর্তে তারা পাল্টা পেশিশক্তি দেখিয়েছেন।
রাশেদ খান আরও জানান, বিএনপির সঙ্গে এই ঘটনার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তিনি আশা প্রকাশ করেন যে, সালমান মুক্তাদির সত্যতা তুলে ধরবেন এবং দোষীরা যথাযথ শাস্তি পাবে।