রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান মুক্তাদির। তিনি বলেন, "বিএনপি সরকারের চোখের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনে এই ঘটনা ঘটছে।"
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্তব্যের মাধ্যমে গণতন্ত্র ও বাকস্বাধীনতার বিষয়টি তুলে ধরেছেন।
এর আগে, দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদিরের ‘বিএনপি চাঁদাবাজ দল’ মন্তব্যটি ঢালাও অভিযোগ। তিনি উল্লেখ করেন, সালমান অভিযোগ করলেও এ ঘটনায় কোনো মামলা করেননি।
সালমান মুক্তাদির বলেন, "আপনি কি নিজে কোনোভাবে কনফিডেন্ট ফিল করেন না? আপনার মধ্যে কি একটু লজ্জা কাজ করে না?" তিনি আরও বলেন, "আমিও কিন্তু কিছু করতে না পেরে মুচকি হাসতেছি।"
স্টুডিও পুনর্নির্মাণ কিংবা আর্থিক সহায়তা চান না জানিয়ে তিনি বলেন, "আমি সালমান মুক্তাদির যথেষ্ট স্ট্রং। আমি কারও থেকে ভিক্ষা চাইবো না।"
তিনি জানান, রাজনৈতিক চাপের মধ্যে না থেকেও তিনি বাংলাদেশের মানুষের ভরসা ভাঙতে চান না। সালমান বলেন, "আমি এখানে পলিটিক্যাল একটা ইস্যু হতে চাই না।"