রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘সালমান মুক্তাদিরের বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি এখনও মামলা করেননি এবং বিএনপিকে ঢালাওভাবে অভিযোগ করছেন। জায়গা জমি নিয়ে পূর্বে বিরোধ ছিল, যা এই ঘটনার সাথে জড়িত হতে পারে।’
সালাহউদ্দিন আহমদ আরও জানান, ঘটনার স্থান থেকে কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না।’
জাসদ কার্যালয়ে অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলো অনুমতি না নিয়েই বৈঠক করতে পারে। আওয়ামী লীগের বৈঠক নিষিদ্ধ ছিল বলে খবর পাওয়া যায়। এ কারণে জাসদ কার্যালয় থেকে প্রায় দেড়শ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ জন বাদে সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।’
রাড্ডা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের বিষয়ে মন্ত্রী বলেন, ‘পুলিশের দায়িত্বে অবহেলা ছিল এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি বা অন্য যে পরিচয়েই হোক, সুষ্ঠ তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের বদলি শেষ সমাধান নয়, বরং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।