সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে মিরপুরের রাড্ডা ক্লিনিক এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্বের মঞ্চে তুলে ধরেছেন। সফরটি ফলপ্রসূ ও সফল হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঐতিহাসিক ভাষণে প্রধানমন্ত্রী কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা তুলে ধরেছেন। স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বোয়িংয়ের সঙ্গে বিমান কেনার চুক্তি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এই চুক্তি কোনো চাপের মুখে হয়নি, বরং দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে দেশের স্বার্থই প্রাধান্য পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান রোববার সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে রাত ২টায় এমিরেটসের ‘ইকে-৫৮২’ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।
প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন এবং সফরকালে তিনি ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন।