জাতিসংঘে জাইমা রহমানকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, জাইমা রহমান নিজ যোগ্যতায় এই পদে নিয়োগ পেয়েছেন।
৩০ সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, জাতিসংঘের হিউম্যান রিসোর্সেস টিম স্বাধীনভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। তিনি উল্লেখ করেন, নিয়োগের যাবতীয় প্রক্রিয়া ও আর্থিক সুবিধা জাতিসংঘ সরাসরি বহন করে, যেখানে সরকারের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।
মাহদী আমিন আরও বলেন, জাতিসংঘের প্রফেশনাল কাঠামোর অধীনে পি-১ পদ নতুন স্নাতকদের জন্য এবং পি-২ পদে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা লাগে। জাইমা রহমান সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিযোগিতার মাধ্যমে পি-৩ পজিশনে নিযুক্ত হয়েছেন, যা তার পেশাগত প্রোফাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ।
তিনি বলেন, অতীতে রাজনৈতিক বা পারিবারিক প্রভাব খাটিয়ে আন্তর্জাতিক মিশনে পদায়নের সংস্কৃতি থাকলেও জাইমা রহমান সেভাবে যাননি। তিনি সম্পূর্ণ নিজস্ব পেশাগত সক্ষমতা ও যোগ্যতায় জাতিসংঘে জায়গা করে নিয়েছেন।
মাহদী আমিনের মতে, আন্তর্জাতিক পরিসরে এমন একটি অবস্থানে পৌঁছানোকে সাধুবাদ জানানো উচিত এবং রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো কাম্য নয়।