বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মাগুরায় ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত

মাগুরায় ৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম মহিতুল ইসলাম বরখাস্ত। নতুন দায়িত্বে ডিজিএম শাহীন আহসান।

মাগুরায় ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কন্ট্রোলিং অথরিটি বুধবার এক চিঠির মাধ্যমে তাকে বরখাস্তের আদেশ দেয়।

বরখাস্তের পাশাপাশি মহিতুল ইসলামকে যশোর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিজিএম শাহীন আহসানকে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে এ অস্বাভাবিক হিসাব ধরা পড়ে। ২৩৫ ইউনিট বিদ্যুতের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা উল্লেখ করা হয়, অথচ বর্তমান মিটার রিডিং অনুযায়ী ওই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারে বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা।

জানা যায়, গত ৮ আগস্ট মিটারের রিডিং ছিল ১৬০ ইউনিট, যা ৮ সেপ্টেম্বর বেড়ে দাঁড়ায় ৩৯৫ ইউনিটে। গ্রাহক অস্বাভাবিক বিল হাতে পাওয়ার পর বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানান। পরে মিটারের রিডিং সংশোধন করে নতুন বিল দেওয়া হয়, যা আলেয়া খাতুন পরিশোধ করেন।

অস্বাভাবিক বিলের বিষয়টি স্বীকার করে তৎকালীন জিএম মহিতুল ইসলাম জানিয়েছেন, দায়িত্বে অবহেলার কারণে চারজনকে শোকজ করা হয়েছে। শোকজ পাওয়া চারজন হলেন, বিলিং অ্যাসিস্ট্যান্ট, বিলিং সুপারভাইজার, মিটার রিডার কাম মেসেঞ্জার এবং সংশ্লিষ্ট আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম।

মহিতুল ইসলাম আরও জানান, মিটার পরিবর্তনের সময় সিল নম্বরের একটি ডিজিট ভুল করে ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ায় অস্বাভাবিক এই বিল তৈরি হয়। বিলটি পরে সংশোধন করে গ্রাহককে দেওয়া হয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন ভুল মাঝেমধ্যে ঘটে। অনেক সময় মিটার না দেখেই বিল তৈরির অভিযোগও রয়েছে, যা সাধারণ গ্রাহকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। গ্রাহকদের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের ভুল ও হয়রানির ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন