বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নওগাঁয় বাস চালক ও শ্রমিকদের কর্মবিরতি, যোগাযোগ বন্ধ

নওগাঁয় বাস চালকদের ওপর হামলার প্রতিবাদে আবারও কর্মবিরতি শুরু, যোগাযোগ বন্ধ।

নওগাঁয় বাস চালক ও শ্রমিকদের কর্মবিরতি, যোগাযোগ বন্ধ

নওগাঁয় বাস চালকদের ওপর দফায় দফায় হামলার প্রতিবাদে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাস চালক ও হেল্পাররা। এর ফলে জেলা সদর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

শ্রমিকদের সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে নজিপুর এলাকায় এক বাস চালক ও সুপারভাইজারকে মারধর করা হয়।

এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে বাস শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে শ্রমিক ও মালিক নেতাদের কয়েক দফা বৈঠকের পর গতকাল সকাল থেকে জেলার সবকটি রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছিল।

তবে অভিযোগ উঠেছে, গতকাল নওগাঁর বদলগাছী এলাকায় আবারও এক বাস চালককে মারধর করা হয়। এই ধারাবাহিক হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে আজ সকাল থেকে আবারও কর্মবিরতির ডাক দেন বাস চালক ও হেল্পাররা।

এ কারণে সকাল থেকেই সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। টার্মিনালগুলোতে বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আকস্মিক ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান বা বিকল্প উপায়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

বিজ্ঞাপন