মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন।
মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। এজহার ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হামলার শিকার হন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়েছে, হাবিবুর রহমান ওরফে হাবিব (২৬) এবং অজ্ঞাতনামা আরও ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের পথরোধ করেন।
হামলার ঘটনার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর রাতেই মামলাটি রেকর্ড করা হয়েছে।
এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।