ইসরায়েলে নতুন সরকার গঠনের জন্য গাদি আইজেনকটের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হলো কট্টর ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদানের আইন শিথিল রাখা, ফিলিস্তিনি জনপদে সহিংস অপরাধের লাগাম টানা এবং আমেরিকায় ইসরায়েলের ভাবমূর্তি পুনরুদ্ধার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ায় সাধারণ ইসরায়েলিরা সতর্ক আশাবাদী। রোববার বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট নতুন সরকার গঠনের দায়িত্ব পান। রাজনৈতিক অচলাবস্থা কাটাতে তাকে এমন সব দলের সাথে জোট করতে হতে পারে যাদের আদর্শ তিনি অতীতে প্রত্যাখ্যান করেছেন।
আইজেনকটকে ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির সমর্থন পেতে হলে গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। এই শর্ত হলো, সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানো তরুণ কট্টরপন্থি ইহুদিদের আইনি সুরক্ষা অব্যাহত রাখা।
এছাড়া, আইজেনকট ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থনও পেতে পারেন। এ ক্ষেত্রে, ফিলিস্তিনি জনপদে সহিংস অপরাধ নিয়ন্ত্রণে কিছু কার্যকর উদ্যোগ নিতে হবে। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের আগ্রাসন বন্ধ করাও তার জন্য অপরিহার্য।
আইজেনকটের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো আমেরিকায় ইসরায়েলের ভাবমূর্তি পুনরুদ্ধার করা। গাজা ও ইরানে হামলার কারণে ওয়াশিংটনে তেল আবিবের ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকেছে।
আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ায় সাধারণ ইসরায়েলিরা আশাবাদী। একজন ইসরায়েলি বলেন, ‘এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ এবং আমি আনন্দিত। এই প্রক্রিয়ায় কোনো চরমপন্থী গোষ্ঠী থাকবে না।’ অন্য একজন বলেন, ‘আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেয়াটা জনগণের ইচ্ছারই প্রতিফলন।’
নতুন সরকার গঠনে আইজেনকটকে ৪২ দিন সময় দেয়া হয়েছে। ব্যর্থ হলে এই সুযোগ চলে যাবে নেতানিয়াহুর হাতে। নেতানিয়াহু অপারগ হলে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে।