বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতির ওপর হামলার চেষ্টা

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার চেষ্টা হয়েছে।

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতির ওপর হামলার চেষ্টা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার চেষ্টা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পর্যটন এলাকা রাধানগরে এ ঘটনা ঘটে। হামলার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, হাসিব আল ইসলাম রাধানগরের একটি রিসোর্ট থেকে অটোরিকশায় করে বের হচ্ছিলেন। এ সময় তার সঙ্গে একজন নারী ছিলেন। দূর থেকে এক ব্যক্তি তাদের ভিডিও ধারণ করছিলেন এবং হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে সম্বোধন করছিলেন। অটোরিকশাটি সামনে এলে ওই ব্যক্তি হাসিবের সামনে মোবাইল ফোন ধরে একইভাবে তাকে কটূক্তি করেন।

এই পরিস্থিতিতে পেছন থেকে আরেক ব্যক্তি অস্ত্রসদৃশ বস্তু দিয়ে হামলার চেষ্টা করেন। তবে হাসিব পরিস্থিতি বুঝতে পেরে চিৎকার করে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক খালেদ হাসান জানান, হামলার চেষ্টা সম্পর্কে তারা অবগত হয়েছেন। বেড়াতে এসে হাসিব মৌলভীবাজারে অবস্থান করছিলেন। ঘটনার পর তাকে নিরাপদে গাড়িতে তুলে দেওয়া হয় এবং বর্তমানে তিনি ঢাকায় ফিরছেন।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে গত ৮ নভেম্বর রিসোর্টটিতে ওঠেন। মঙ্গলবার দুপুরে তারা চেকআউট করেন। রিসোর্ট থেকে বের হওয়ার পর তাদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তারা আবার রিসোর্টে ফিরে আসেন এবং এরপর রিসোর্ট ছেড়ে চলে যান।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল ইসলাম জানান, হাসিব আল ইসলাম গত দুই-তিন দিন ধরে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে রিসোর্ট থেকে চেকআউট করে রেলস্টেশনে যাওয়ার পথে রাধানগর এলাকায় তিনি হামলার শিকার হন। তবে তার আঘাত গুরুতর নয়। প্রশাসনকে না জানিয়েই তিনি ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

বিজ্ঞাপন