বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুড়িগ্রামে জমি বিরোধে সাংবাদিকের মা-বাবাকে পেটানোর অভিযোগ

কুড়িগ্রামে জমি বিরোধের জেরে সাংবাদিকের মা-বাবাকে পেটানোর অভিযোগ উঠেছে।

কুড়িগ্রামে জমি বিরোধে সাংবাদিকের মা-বাবাকে পেটানোর অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের মা-বাবাকে পেটানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে যে, স্থানীয় পাঁচজনের বিরুদ্ধে শ্বাসরোধে হত্যাচেষ্টা ও নারীর শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত মো. আমিনুল ইসলাম বর্তমানে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর স্ত্রী শামসাদ বেগমও চিকিৎসা নিয়েছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ৫ অক্টোবর কুড়িগ্রাম জেলার পলাশবাড়ী কবিরাজ পাড়া এলাকায় জমি দেখতে গিয়ে হামলার শিকার হন তারা।

ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার দিন স্থানীয় রমজান আলী, মামুনুর রশিদ মামুন ও মনোয়ারা বেগম তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। ঘটনার দিনই থানায় লিখিত অভিযোগ করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে ৭ অক্টোবর কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এরই মধ্যে কুড়িগ্রাম সদর সিভিল জজ আদালতে দেওয়ানি মামলাও চলমান রয়েছে।

তামজিদ হাসান বলেন, ‘আমার বাবা-মা আমাদের কেনা জমিতে চারা রোপণ করতে গিয়েছিলেন। সেখানে বিবাদীরা আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করে হামলা চালিয়েছে। আমি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই।’

ওসি কামাল হোসেন জানান, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। বিবাদী পক্ষও আরেকটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন