ঝিনাইদহের শৈলকুপায় শালিসি বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার বড়মৌকুড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবী সন্দেহে শাওন হোসেন নামের এক যুবককে পুলিশ আটক করে। তবে ডোপ টেস্টে তার মাদক সেবনের বিষয়টি নেগেটিভ আসলে তাকে মুক্তি দেওয়া হয়।
এদিকে, শামীম হোসেন নামের এক যুবক শাওনের বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করেন, যা উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। বুধবার রাতে গ্রামে শালিসি বৈঠক অনুষ্ঠিত হলে, সেখানে কথাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
এই সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।