ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার জিতারপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিতারপুর গ্রামের নুর ইসলামের ছেলে রিপন হোসেনের সঙ্গে একই গ্রামের হাদান মণ্ডলের ছেলে মইদুল ইসলামের মধ্যে সারের কার্ড নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।
এই কথাকাটাকাটির জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের ফলে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি আরও অবনতি না হয়।