মার্কিন বিনোদন প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি মানবসম্পদ ও প্রযুক্তি বিভাগে কয়েকশ' কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানায়।
জশ ডি'অ্যামারো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডিজনির শীর্ষ ব্যবস্থাপনায় বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। এর মধ্যে পল রোডারকে প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া অন্তর্ভুক্ত।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব, বক্স অফিসে আয় কমে যাওয়া এবং স্ট্রিমিং খাতের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর বাড়তে থাকা প্রতিযোগিতা ডিজনির জন্য বড় ধরনের পরিবর্তনের সময় নিয়ে এসেছে।
২০২৫ অর্থবছরের শেষ নাগাদ ডিজনিতে প্রায় ২ লাখ ৩১ হাজার কর্মী ছিলেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন প্রায় ১ লাখ ৭২ হাজার এবং দেশের বাইরে ৫৯ হাজার কর্মী।
গত বছরও ডিজনি কর্মী ছাঁটাই করেছিল, যেখানে চলচ্চিত্র ও টেলিভিশন প্রচার, কাস্টিং এবং ডেভেলপমেন্ট বিভাগ থেকে কয়েকশ' কর্মীকে ছাঁটাই করা হয়েছিল।