কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্নয়নে বিশ্বে তৃতীয় অবস্থানে উঠে এসেছে সৌদি আরব। দেশটির ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি (এসডিএআইএ) এ তথ্য জানিয়েছে।
দ্রুত বিকাশমান এআই প্রযুক্তির ক্ষেত্রে সৌদি আরবের ক্রমবর্ধমান সক্ষমতা ও অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এই অবস্থানকে। এসডিএআইএর তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত সৌদি আরবে ৮টি বৃহৎ ভাষাভিত্তিক এআই মডেল (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম) তৈরি হয়েছে। এর মধ্যে পাঁচটিকে বিশ্বমানের অগ্রসর মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এসব মডেলের মধ্যে রয়েছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘আল্লাম’ (ALLaM) এবং বিভিন্ন সৌদি প্রতিষ্ঠানের তৈরি বিশেষায়িত এআই মডেল। এছাড়া ২০২৫ সাল পর্যন্ত, দেশটিতে, স্থানীয়ভাবে তৈরি হয়েছে ৫৮টি এআইভিত্তিক অ্যাপ্লিকেশন।
আরবি ভাষার এআই মডেলের কার্যকারিতা ও সক্ষমতা যাচাইয়ে ১০টির বেশি প্রতিষ্ঠানের সহযোগিতায় তৈরি ‘বালসাম’ সূচক ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে এই সূচকের আওতায় ২০টি আরবি ভাষার এআই মডেল মূল্যায়ন করা হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন সূচকেও সৌদি আরবের অগ্রগতির চিত্র উঠে এসেছে। অক্সফোর্ড ইনসাইটসের ২০২৫ সালের সরকারি এআই প্রস্তুতি সূচকে ১৯৫টি দেশের মধ্যে ১৫তম অবস্থানে রয়েছে দেশটি। অন্যদিকে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হিউম্যান-সেন্টারড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রকাশিত ২০২৫ সালের এআই সূচকে বিশ্বে ১৯তম স্থান অর্জন করেছে সৌদি আরব।