দেশের বাজারে নতুন স্মার্টফোন 'হেলিও ১৫০' উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য ব্র্যান্ড হেলিও। এই ফোনে রয়েছে ৭ হাজার এমএএইচের ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
'হেলিও ১৫০' এর ডিসপ্লে ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড, যার রেজল্যুশন ১২৬০×২৮০০ পিক্সেল। ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার ডেপথ এবং সর্বোচ্চ ৫ হাজার নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া, ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং চোখের স্বাচ্ছন্দ্যের জন্য ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও উন্নত ডিমিং সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফোনটিতে ৭ হাজার এমএএইচের সিলিকন অ্যানোড ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা প্রদান করে। তবে ৪৪ ওয়াটের চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ৪২ মিনিট সময় লাগে।
ছবি ও ভিডিও ধারণের জন্য ফোনটির পেছনে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরায় ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি যুক্ত করা হয়েছে। সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যা ২কে রেজল্যুশনে ভিডিও ধারণ করতে সক্ষম।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি২০০ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮ জিবি র্যামের সঙ্গে ভার্চুয়াল র্যাম হিসেবে আরও ৮ জিবি ব্যবহার করা যাবে, ফলে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেড র্যাম পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৪ রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা রয়েছে। ডিসপ্লেতে শট জেনসেশন কভার গ্লাস ব্যবহার করা হয়েছে। ব্র্যান্ডটির নিজস্ব আয়রন গার্ড প্রযুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।
অতিরিক্ত সুবিধার মধ্যে এনএফসি, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, ডুয়াল স্পিকার এবং ১৫০ মিটার পর্যন্ত অফলাইন ভয়েস চ্যাটের সুবিধা রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৬ ব্যবহার করা হয়েছে এবং ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭-এ হালনাগাদের সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
হেলিও ১৫০ ফোনটি ক্ল্যাসিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ ও মিন্ট গ্রিন—এই তিন রঙে পাওয়া যাবে। ফোনটির সঙ্গে ১৫ মাসের ওয়ারেন্টি এবং গ্রামীণফোনের বান্ডেল অফার রয়েছে।