সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

দোহায় শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬

দোহায় শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬, যেখানে প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

দোহায় শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ইন্টারনেট সংযোগের ঘাটতি কমানো এবং বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ডে সমন্বয়ের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) দোহা ২০২৬। কাতারের রাজধানী দোহায় ৮ নভেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়।

দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে (ডিইসিসি) আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের টেলিযোগাযোগ খাতের শীর্ষ কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও উদ্ভাবকেরা অংশগ্রহণ করছেন। কাতারের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (এমসিআইটি) সহযোগিতায় আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান বিন হাসান বিন আলী আল থানি।

উদ্বোধনী বক্তব্যে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ বিন আলী আল মান্নাই বলেন, টেলিযোগাযোগ অবকাঠামোর চাহিদায় মৌলিক পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করার সক্ষমতা অর্জন করছে, ফলে আরও শক্তিশালী নেটওয়ার্কের প্রয়োজন বেড়ে যাচ্ছে।

অনুষ্ঠানে জিএসএমএ-এর মহাপরিচালক ভিভেক বাদরিনাথ ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরিন বোগদান-মার্টিন বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্ব দেন। বাদরিনাথ বলেন, প্রযুক্তিগত অগ্রগতির সুফল সবার কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।

এবারের আয়োজনের বিশেষ দিক হলো, প্রথমবারের মতো কাতারে একই স্থানে জিএসএমএ ও আইটিইউর দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এমডব্লিউসি দোহায় শুরু হয়েছে আইটিইউর প্লেনিপোটেনশিয়ারি সম্মেলন (পিপি-২৬)ও।

জিএসএমএর ‘মোবাইল ইকোনমি মেনা ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অর্থনীতিতে মোবাইল প্রযুক্তি ও সেবার অবদান ছিল ৩৮০ বিলিয়ন ডলার। ২০৩০ সাল নাগাদ এ অবদান বেড়ে ৪৭০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এ অঞ্চলের মোবাইল ইকোসিস্টেমে ২২ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং সরকারি রাজস্বে অবদান ছিল ৪০ বিলিয়ন ডলার। ২০৩০ সালের মধ্যে ফাইভজি প্রযুক্তির ব্যবহার ৪০ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়া, ‘ফাইভজি মনিটাইজেশন মেনা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অঞ্চলটির ২৪টি বাজারের মধ্যে ১৭টিতে বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু হয়েছে।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের তিন দিনব্যাপী আয়োজনে টেলিযোগাযোগ অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফাইভজি প্রযুক্তি, ডিজিটাল সংযোগ এবং ভবিষ্যতের মোবাইল অর্থনীতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন