কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের কারণে বাংলাদেশে ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও সরিয়েছে টিকটক। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত আপলোড হওয়া ভিডিওগুলোর মধ্যে এই সংখ্যা প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ।
সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট অনুযায়ী, সরানো ভিডিওগুলোর ৯৯ দশমিক ৮ শতাংশই টিকটকের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছিল, যা ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার আগেই ঘটেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে সরানো ভিডিওগুলোর ৯২ দশমিক ৭ শতাংশ আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে সরিয়ে ফেলা হয়েছে। যাচাই করার পর ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিশ্বব্যাপী, একই সময়ে টিকটক ১৮ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৪১টি ভিডিও সরিয়েছে, যা মোট আপলোড হওয়া ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭০৭টি ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছিল।
বিশ্বজুড়ে সরানো ভিডিওগুলোর ৯৯ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারীদের অভিযোগ জানানোর আগেই শনাক্ত করা হয়েছিল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ৬২ লাখ ৬২ হাজার ৩৮৩টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ভিডিওর পাশাপাশি মন্তব্য ও ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে টিকটক। দ্বিতীয় প্রান্তিকে ২৭ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৪৬৩টি মন্তব্য সরানো হয়েছে, যা আগের প্রান্তিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
এছাড়া, ১৪ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৪০০টি ভুয়া অ্যাকাউন্টও সরানো হয়েছে। ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সন্দেহে ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭৬৭টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
ভিডিও সরানোর কারণ সম্পর্কিত তথ্য অনুযায়ী, ১৯ দশমিক ৫ শতাংশ ভিডিওতে সংবেদনশীল বা প্রাপ্তবয়স্কদের উপযোগী বিষয়বস্তু ছিল। নিরাপত্তাসংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের কারণে ১৩ দশমিক ৭ শতাংশ ভিডিও সরানো হয়।
টিকটক নিয়মিতভাবে কনটেন্ট ও অ্যাকাউন্টের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করতে এই প্রতিবেদন প্রকাশ করে থাকে।