পর্তুগালের লিসবনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৬’। এই সম্মেলনে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাজিবটের তৈরি রোবট উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।
৯ নভেম্বর লিসবনের মেও অ্যারেনায় শুরু হওয়া সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও উদ্ভাবকেরা। আয়োজকদের প্রত্যাশা, এবারের সম্মেলনে প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত হবেন। এখানে ৯০০ বক্তা এবং দুই হাজারের বেশি স্টার্টআপের প্রতিনিধিরাও থাকবেন।
ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্যাডি কসগ্রেভ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘ভবিষ্যতের সুপারস্টাররা ক্যালিফোর্নিয়া থেকে আসছে না, আসছে চীন থেকে।’ তিনি উল্লেখ করেন, ওপেন সোর্স প্রযুক্তি সহ ভবিষ্যতের প্রযুক্তি নির্মাণে চীনা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
সম্মেলনে বিশেষ আকর্ষণ ছিল অ্যাজিবটের এ৩ রোবট, যা নাচ ও বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে প্রযুক্তির অগ্রগতি তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ক্রমবর্ধমান প্রতিযোগিতা নতুন করে আলোচনায় এনেছে চীনের প্রযুক্তিগত সক্ষমতা।
এছাড়া মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগের তদন্ত চলছে। ক্লাউডফ্লেয়ারের সহপ্রতিষ্ঠাতা ম্যাথিউ প্রিন্স বলেন, ‘বিষয়টি বেশ চাঞ্চল্যকর।’
সম্মেলনে এআই এজেন্ট প্রযুক্তি বিশেষ গুরুত্ব পেয়েছে, যা মানুষের নির্দেশনার অপেক্ষা না করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। চীনে প্রতিষ্ঠিত এআই প্রতিষ্ঠান ম্যানুস তাদের নতুন ২.০ ভিডিও প্রযুক্তি প্রদর্শন করেছে, যা মাত্র ১৩ শব্দের নির্দেশনা ব্যবহার করে ৩০ সেকেন্ডের ভিডিও তৈরি করতে সক্ষম।
ম্যানুসের সহপ্রতিষ্ঠাতা তাও ঝাং জানান, ‘এআই প্রযুক্তি আমাদের কর্মী নিয়োগের প্রক্রিয়াতেও পরিবর্তন আনছে।’ ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা কসগ্রেভ জানান, এবারের আয়োজনটি সবচেয়ে আন্তর্জাতিক, যেখানে ইউরোপের প্রতিটি দেশ থেকে প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আগামী কয়েক দিন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস ও বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতা নিয়ে আলোচনা চলবে।