মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের নতুন দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে। মডেল দুটি হলো ‘ক্লড ফেবল ৫.২’ এবং ‘ক্লড মাইথোস ৫.২’। এই ঘোষণা সোমবার (৯ নভেম্বর) সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দেওয়া হয়।
অ্যানথ্রপিক জানিয়েছে, নতুন মডেলগুলো আগের সংস্করণের তুলনায় সর্বোচ্চ ৩০ শতাংশ দ্রুত কাজ করতে সক্ষম। ‘ক্লড ফেবল ৫.২’ কোডিং, জটিল যুক্তি বিশ্লেষণ এবং এআই এজেন্টভিত্তিক বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয়েছে। অপরদিকে, ‘ক্লড মাইথোস ৫.২’ সাইবার নিরাপত্তা ও জীববিজ্ঞানসংক্রান্ত গবেষণায় ব্যবহারের উপযোগী।
দুটি মডেলের ব্যবহারের সুযোগ সবার জন্য সমান নয়। অ্যানথ্রপিকের যাচাই ও অনুমোদন কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিষ্ঠানগুলোই ‘মাইথোস ৫.২’ ব্যবহার করতে পারবে। কিন্তু ‘ফেবল ৫.২’ আরও বিস্তৃত ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
নতুন মডেলগুলোর কার্যক্ষমতা ও গতিতে উল্লেখযোগ্য উন্নতির দাবি করেছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ফেবল ৫.২ আগের ক্লড ৫.১ মডেলের তুলনায় ৩০ শতাংশ দ্রুত ফলাফল তৈরি করতে পারে। কোডিং, যুক্তি বিশ্লেষণ এবং ছবি বুঝে কাজ করার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
অ্যানথ্রপিক প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ৮ ডলার এবং সমপরিমাণ আউটপুট টোকেনের জন্য ৪০ ডলার নির্ধারণ করেছে, যা আগের সংস্করণের তুলনায় কম। নতুন মডেলে জীববিজ্ঞান ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত সুরক্ষাব্যবস্থা যুক্ত করা হয়েছে।
মডেল দু'টির উন্মোচনের পাশাপাশি নিরাপত্তাবিষয়ক পরীক্ষার বিস্তারিত তুলে ধরে একটি ‘সিস্টেম কার্ড’ প্রকাশ করেছে অ্যানথ্রপিক। এতে নতুন মডেলগুলোর নিরাপত্তা যাচাই এবং ঝুঁকি মূল্যায়নের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
অ্যানথ্রপিকের এআই মডেলগুলোর তালিকায় ‘মাইথোস’ ওপাসেরও ওপরের স্তরে রাখা হয়েছে। গত অক্টোবরে প্রতিষ্ঠানটি ক্লড হাইকু ৫.৫ উন্মোচন করেছিল। নতুন ‘ফেবল ৫.২’ ও ‘মাইথোস ৫.২’ জটিল এবং উন্মুক্ত পরিসরের প্রযুক্তিগত কাজের জন্য ব্যবহারের সুপারিশ করা হয়েছে।