মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

এআই-এর পরিবেশগত হুমকি: জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশেষ গুরুত্ব

এআই-এর পরিবেশগত প্রভাব জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এআই-এর পরিবেশগত হুমকি: জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশেষ গুরুত্ব

জলবায়ু পরিবর্তন রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, এর পেছনে অতিরিক্ত বিদ্যুৎ ও পানির ব্যবহার এবং কার্বন নিঃসরণ পরিবেশের জন্য নতুন হুমকি সৃষ্টি করছে। এই কারণে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এআই-এর পরিবেশগত প্রভাব এবং টেকসই ব্যবহারের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এআই জলবায়ু রক্ষায় কার্যকরী হলেও, শীর্ষস্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থাগুলো এ প্রযুক্তির পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বিগ্ন। সম্মেলনে টেকসই এআই ব্যবহারের নীতিমালা নিয়ে আলোচনা হবে। ২০১৭ সালে কেনিয়ার বনাঞ্চলের ২ লাখ ছবি পর্যালোচনা করতে সেভ দ্য এলিফ্যান্টসের ৯ কর্মকর্তার ৯ মাস সময় লেগেছিল, যেখানে এআই মডেলিংয়ের মাধ্যমে সেই কাজটি কয়েক ঘণ্টায় সম্পন্ন হচ্ছে।

সেভ দ্য এলিফ্যান্টসের প্রধান নির্বাহী ফ্রাঙ্ক পোপ বলেন, ‘যেকোনো প্রকল্পের জরিপের জন্য নয় মাস অপেক্ষা করা অসম্ভব ব্যাপার। মেশিন লার্নিং সিস্টেম ব্যবহার করলে, এআই নিখুঁতভাবে সব প্রাণীর উপস্থিতি ও অবস্থান শনাক্ত করতে পারে।’

এআই অ্যাঙ্গোলা ও কম্বোডিয়ার দাবানলের ড্রোন ও স্যাটেলাইট সংকেত বিশ্লেষণে সহায়তা করছে এবং তানজানিয়ার বনে শিম্পাঞ্জির আচরণ সংক্রান্ত তথ্য সংগ্রহেও ভূমিকা রাখছে। তবে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যমতে, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে এআই ডাটা সেন্টার পরিচালনায় বার্ষিক বিদ্যুৎ খরচ হবে ৯৪৫ টেরাওয়াট, যা জাপানের বার্ষিক চাহিদার সমান।

একই সময়ে, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ প্রায় ৩০ কোটি টন হবে। পরিস্থিতি মোকাবিলায়, ডেটা সেন্টারের ওপর নির্ভরতা কমিয়ে ডিভাইস প্রসেসিং বা এজ কম্পিউটিং প্রযুক্তি ব্যবহার শুরু করেছে বেসরকারি সংস্থাগুলো। তবে, কার্বন নিঃসরণ কমাতে কঠোর নীতিমালার দাবি পরিবেশবাদীদের।

বিজ্ঞাপন