আগামী ১২ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে বিশ্বের ৮ দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের স্থান হবে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী রোববার (৮ নভেম্বর) পুরানা পল্টনের ডিসিসি হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সম্মেলনে বিদেশি অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন মিশরের ক্বারী শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের শায়েখ আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের শায়েখ ওয়াহীদ খাজাইয়ী, ভারতের ক্বারী হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার ক্বারী ব্যারিস্টার যুবায়ের বারদাই।
এছাড়া সৌদি আরব, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অতিথিরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে বাংলাদেশের প্রখ্যাত ক্বারীগণও উপস্থিত থাকবেন। সম্মেলনে দেশের কোরআনপ্রেমী মানুষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীদের হৃদয়স্পর্শী তিলাওয়াত উপভোগের সুযোগ পাবেন।
শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী জানান, বাংলাদেশের এ আন্তর্জাতিক আয়োজন ইতোমধ্যে বিশ্বপরিমণ্ডলে বিশেষ পরিচিতি অর্জন করেছে। এবারের সম্মেলন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায় তিন ঘণ্টাব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে, যা বাংলাদেশের কোরআনচর্চা ও ধর্মীয় ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের প্রচার, ক্বারী ও হাফেজদের প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সংগঠনটির উদ্যোগে বাংলাদেশের প্রতিযোগীরা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী, ইসলামিক স্কলার, শীর্ষস্থানীয় আলেম-ওলামা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, বিশিষ্ট রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।