শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

প্রভা: 'আপনাদের কটাক্ষ আমার নীতি বদলাবে না'

প্রভা সামাজিক মাধ্যমে সমালোচনার জবাব দিয়ে বলেন, 'আমার নীতি বদলাবে না।'

প্রভা: 'আপনাদের কটাক্ষ আমার নীতি বদলাবে না'

চিত্রনায়িকা সাদিয়া জাহান প্রভা, অভিনেত্রী পরী মণির পক্ষে কথা বলার পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাঁর অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে নেটিজেনদের একাংশ তাঁকে কটূক্তি করছেন।

সমালোচনার জবাবে প্রভা সাফ জানিয়ে দিয়েছেন, মানুষের অপমান বা কটূক্তি তাঁর নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। তিনি বলেন, "আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন।"

প্রভা আরও উল্লেখ করেন, একজন নারীর সব কাজের সঙ্গে একমত না হলেও, তাঁকে অসম্মান বা হয়রানি করার অধিকার কারও নেই। তিনি বলেন, "তাঁর অসদাচরণ বা মানুষকে গালিগালাজ করা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। কিন্তু তাই বলে তাঁকে অসম্মান, হয়রানি করা কিংবা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই।"

অভিনেত্রী বলেন, "কারও পছন্দ ও চরিত্রের বিচার আমার নিজের এবং সর্বশক্তিমানের মধ্যকার বিষয়, তাই যেকোনো নারীর মর্যাদা নিয়ে বিতর্কের সুযোগ নেই।"

প্রভা আদালতে পরী মণির হাজিরার প্রসঙ্গ টেনে লেখেন, "ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমার উপলব্ধি হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না।"

তিনি বলেন, "যারা আমাকে লজ্জিত করতে চাইছেন, যে ঘটনার জন্য আমি কখনোই দায়ী ছিলাম না—আপনাদের অভিযোগ আমাকে অপরাধী করে না।"

প্রভার বক্তব্যের শেষাংশে তিনি জানান, "সমাজের এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমি কখনও নীরব থাকব না। বরং প্রয়োজনে এমন মানুষের সমালোচনার শিকার হয়েও কোনো নারীর পাশে দাঁড়িয়ে অপমানিত হওয়াকে আমি সম্মানের মনে করি।"

গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন পরী মণি। পরে এক ভিডিওবার্তায় পরী মণির পাশে দাঁড়িয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথা জানান প্রভা।

বিজ্ঞাপন