২০২৭ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ জানিয়েছে হজ এজেন্সিদেন সংগঠন-হাব। সংগঠনটি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে প্রাথমিক নিবন্ধন বাতিল হবে।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে হজ ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি জানান, নির্ধারিত কোটা পূর্ণ হওয়ার পরও প্রায় ২০ হাজারের বেশি হজযাত্রী অপেক্ষমাণ রয়েছেন।
ফরিদ আহমেদ মজুমদার বলেন, অপেক্ষমাণ হজযাত্রীদের মধ্যে অনেকেই হজ পালনের জন্য মানসিক ও আর্থিকভাবে প্রস্তুতি নিয়েছেন। কোটা বরাদ্দ পেতে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানান তিনি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে হজ অনুষ্ঠিত হবে। এ বছর সৌদি সরকার বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা নির্ধারণ করেছে।