আগামী বছরের হজে যেতে আগ্রহীদের নিবন্ধন ফি জমা নিতে আজ শনিবারও ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখা হয়েছে। গতকাল শুক্রবারও ছুটির দিনেও এই কার্যক্রম চালু ছিল। তবে অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
মতিঝিলের লোকাল অফিস অর্থাৎ প্রধান শাখায় লেনদেনের সুযোগ মিলছে। নির্ধারিত সময়ে ব্যাংকাররা কার্যক্রম শুরু করেন। বেলা গড়ালেও, হজে যেতে আগ্রহী ব্যক্তি ও এজেন্সির প্রতিনিধিদের আনাগোনা তেমন নেই। তারা জানান, ছুটির দিনে ব্যাংক খোলা রাখায় তারা উপকৃত হচ্ছেন।
২০২৭ সালের হজে যাওয়ার নিবন্ধনের সময় বৃহস্পতিবার শেষ হয়েছে। পরবর্তী দু' দিন সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত করতে, হজ কার্যক্রম সংশ্লিষ্ট শাখা শুক্র ও শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এবার সৌদি আরব থেকে বাংলাদেশের জন্য হজ কোটা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৭৮ হাজার জনের। সিংহভাগই বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে হজে যান।