বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

তিস্তা নদীতে উদ্ধার হওয়া হাতির শাবক ফিরে পেল মায়ের কাছে

তিস্তা নদীতে ভেসে যাওয়া হাতির শাবক উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন স্থানীয় জেলেরা।

তিস্তা নদীতে উদ্ধার হওয়া হাতির শাবক ফিরে পেল মায়ের কাছে

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বন বিভাগের গজলডোবা এলাকায় তিস্তা নদীতে ভেসে যাওয়া একটি হাতির শাবককে উদ্ধার করেছে স্থানীয় কয়েকজন জেলে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

উদ্ধারকালে শাবকটি ক্লান্ত অবস্থায় নদীর স্রোতে আটকে ছিল। উত্তরবঙ্গ ফিশারম্যানস ফোরামের সদস্যরা তিস্তা ব্যারেজের কাছে শাবকটিকে ভেসে যেতে দেখেন এবং দ্রুত উদ্ধারের জন্য এগিয়ে আসেন।

জেলেরা ক্রান্তি-পাঞ্জাব বাঁধ এলাকা থেকে নৌকায় প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শাবকটির কাছে পৌঁছান। উদ্ধার অভিযানে অংশ নেন মিঠু দাস, রাজেশ দাস, বিশ্বনাথ দাস, গোপাল দাস ও বাবলু দাস। তারা শাবকটিকে নৌকায় তুলে নিরাপদে নদীর তীরে নিয়ে আসেন।

উদ্ধারের পর শাবকটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। বন কর্মকর্তারা জানান, শাবকটি ক্লান্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো ছিল। উদ্ধারের পর প্রয়োজনীয় নজরদারি চালানো হয়।

শাবকটিকে উদ্ধারের পর নদীর তীরে তার মা হাতিটি চলে আসে এবং শাবকের সঙ্গে পুনর্মিলন ঘটে। মা ও শাবক একসঙ্গে জঙ্গলের দিকে ফিরে যায়। বন বিভাগের কর্মকর্তারা তাদের গতিবিধির ওপর নজর রাখছেন।

গজলডোবা ও এর আশপাশের এলাকা হাতির চলাচলের জন্য পরিচিত। ফলে স্থানীয় বাসিন্দা ও বন কর্মকর্তাদের বন্যপ্রাণীর গতিবিধি নিয়ে সতর্ক থাকতে হয়। এই ঘটনা স্থানীয় মানুষের বন্যপ্রাণী সুরক্ষায় ভূমিকা এবং মানবিকতা প্রদর্শনের উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন