কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় পাহাড় থেকে পড়ে গুরুতর আহত একটি বন্য হাতির চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভারী বর্ষণের কারণে নরম মাটি ধসে যাওয়ায় হাতিটি প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যায়। হাতিটির পেছনের পা এবং বুকে গুরুতর ক্ষত হয়েছে।
প্রধানমন্ত্রী এই দুর্ঘটনা শুনে উদ্বিগ্ন হয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন, যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সঙ্গে করা হয় এবং তাকে সুস্থ করে তোলার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
আজ শনিবার টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া ও সদর বনবিটের শিয়ালেরঘোনা এলাকায় হাতিটি দুর্ঘটনার শিকার হয়। আতিকুর রহমান জানান, স্থানীয় প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে গেছেন এবং হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্য হাতিটির পা ও বুকের ক্ষতস্থানে সেলাই করা হয়েছে। বন বিভাগ, পুলিশ বিভাগসহ স্থানীয় প্রশাসনের সবাই মিলে হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন। হাতিটির পেছনের দুটি পা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পেটেও ক্ষত রয়েছে।