বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনার সাবেক ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। রবিবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় সাইফুলকে।
হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান জানান, সাইফুলের চিকিৎসার জন্য আগামী দুই-এক দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। তিনি বলেন, "চিকিৎসার কার্যক্রম চলমান থাকবে।"
সম্প্রতি সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে সাইফুলের চিকিৎসার কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, খান সাইফুল ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের পুলিশি নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।