প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। তিনি মারুবেনি কর্পোরেশনকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও সার খাতে বিনিয়োগের জন্য স্বাগত জানান।
তিনি উল্লেখ করেন, মারুবেনি কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ককে সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশের প্রকৌশলীর স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় দক্ষ করে তোলার পরিকল্পনা আলোচিত হয়। দক্ষ জনশক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশ একটি আন্তর্জাতিক সেবাকেন্দ্র (সার্ভিস হাব) হয়ে উঠতে পারে বলেও আলোচনা হয়।
এছাড়া, আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে মারুবেনির বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টিও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।