রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মমতা বন্দ্যোপাধ্যায়: রাষ্ট্রপতি মুর্মুকে ভোট চুরির প্রমাণ দেবেন ‘ইন্ডিয়া’ জোট

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাষ্ট্রপতি মুর্মুকে ভোট চুরির প্রমাণ দেবে ‘ইন্ডিয়া’ জোট।

মমতা বন্দ্যোপাধ্যায়: রাষ্ট্রপতি মুর্মুকে ভোট চুরির প্রমাণ দেবেন ‘ইন্ডিয়া’ জোট

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগের পক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অকাট্য তথ্যপ্রমাণ তুলে ধরবে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’ (INDIA)। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ তথ্য জানিয়েছেন। শনিবার (১০ অক্টোবর) পুলিশ হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে শুক্রবার, ‘ইন্ডিয়া’ জোটের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দেয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, রাষ্ট্রপতি প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন যে তিনি ‘ভোট চুরি’ সংক্রান্ত অভিযোগগুলো খতিয়ে দেখবেন এবং এ বিষয়ে বিস্তারিত প্রমাণ চান।

ভোটার তালিকা সংশোধনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান প্রতিবাদের মধ্যে মমতা বলেন, “আমরা (‘ইন্ডিয়া’ জোট) ঐক্যবদ্ধ আছি।” তিনি আরও জানান, যদি রাষ্ট্রপতি তদন্তের জন্য কোনো প্রমাণ না পান, তবে তারা শীঘ্রই সব প্রমাণ তাঁর সামনে উপস্থাপন করবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আটক ও পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, যন্তর মন্তরে যাওয়ার অনুমতি না পেয়ে বাসভবনের সামনে অবস্থান নেওয়ার সময় পুলিশ তাকে ও তৃণমূলের নেতাদের প্রিজন ভ্যানে তুলে জোরপূর্বক নিয়ে যায়।

মমতা জানান, তিনি মূলত সিজেপির নেতা অভিজিৎ দীপকের আমন্ত্রণে যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পুলিশ জানায় তাদের রাস্তায় আটকে দেওয়া হবে। তিনি বলেন, “পুলিশ এসে বলল, তিন জনও একসঙ্গে বসা যাবে না।”

মমতা আরও অভিযোগ করেন, তাদের প্রিজন ভ্যানে তুলে প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্ন থানায় ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় এবং প্রতিটি থানায় বলা হচ্ছিল জায়গা খালি নেই। তিনি বলেন, “এমন পরিস্থিতি যেন আমাদের ‘অপহরণ’ করা হয়েছে।”

এদিকে, বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি শমিক ভট্টাচার্য মমতার দিল্লি সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি ব্যঙ্গ করে বলেন, “নিজেকে বাঘিনী দাবি করা মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লি গিয়ে তেলাপোকা, কাঁকড়া, খরগোশ আর হরিণদের সঙ্গে জোট বাঁধছেন কেন?”

বিজ্ঞাপন