ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। আজ রোববার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। সকালে তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। পরে তাঁদের মুক্তি দেওয়া হয়।
তবে, মুক্তির সময় নির্দিষ্ট শর্ত আরোপ করা হয়েছে। সিজেপির আইনি বিষয়ক প্রধান রত্না সিংহ জানিয়েছেন, দীপকে, সৌরভ এবং রাঙ্কা এক বছরের জন্য কোথাও শান্তি ভঙ্গ করতে পারবেন না।
মুক্তির পর রাঙ্কা জানিয়েছেন, রোববার দুপুর ২টায় তাঁরা সাংবাদিক সম্মেলন করবেন। এর আগে, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে এই ঘটনা ঘটেছে।
শুক্রবার দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। তবে কর্মসূচি শুরুর আগেই ধরপাকড় শুরু করে দিল্লি পুলিশ। শনিবার বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সহ-আহ্বায়ক সৌরভ দাস ও মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে।
এদিকে, তরুণদের বিক্ষোভ চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বিক্ষোভকারীদের আটকের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়েছেন।