ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। জামিনের জন্য তাকে ৫০ হাজার রুপির বন্ড দিতে হবে।
আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, শান্তিভঙ্গ করবেন না বলে মুচলেকা (‘পিস বন্ড’) সই করতে হবে। এই শর্ত মেনে শনিবার বিকেলে মন্দির মার্গ থানার বাইরে আসেন তিনি।
শুক্রবার ‘তেরঙা যাত্রা’য় যোগ দেওয়ার জন্য দিল্লির বাড়ি থেকে বের হওয়ার সময় দিপককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
দিপকের সাথে আটক হন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইসা) নেত্রী নেহা বোরা, যাকে শনিবার সকালে মুক্ত করা হয়।
শনিবার ভোরে দিল্লি পুলিশ জানায়, ককরোচদের প্রধানকে ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর অভিজিৎকে স্পেশ্যাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়।
এছাড়া, সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গত সোমবার তেরঙা হাতে গেট টপকে যন্তর মন্তরে ঢোকার চেষ্টা করেছিলেন।