প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "সবার লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ।" শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে, কারণ তা ছাড়া প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ রয়েছেন, যারা শিক্ষার্থী বা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। তারা নিজেদের পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে স্বেচ্ছায় এগিয়ে আসছেন।
তিনি বলেন, "দেশের যেকোনো বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তরুণদের এই শক্তিকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে বলে জানান তিনি।
সরকার স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।
তিনি তরুণদের উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, "তরুণদের শুধু নিজেদের উন্নতির কথা ভাবলে চলবে না, দেশের প্রতিটি মানুষের কল্যাণের কথাও চিন্তা করতে হবে।"