বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন সম্পূর্ণ অবান্তর ও হাস্যকর।
মন্ত্রী শনিবার (১৭ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সুযোগ সৃষ্টি না হলে দেশের অস্তিত্ব সংকটে পড়তে পারত।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি ও বাড়িঘর দখলের ঘটনা ঘটেছে। এসব অপকর্মের দায় অন্যের ওপর চাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।
বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, তৎকালীন সরকারের কোনো দূরদর্শী পরিকল্পনা ছিল না এবং নতুন গ্যাস কূপ খননের প্রস্তুতি নেওয়া হয়নি। এর ফলশ্রুতিতে আজ পুরো দেশবাসীকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল কবির শামীম তালুকদার এবং নিলুফার চৌধুরী মনি। অনুষ্ঠান শেষে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।