ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে শান্তি রক্ষার বন্ডে স্বাক্ষর করার পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দিল্লির মান্দির মার্গে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনি জামিন পান, বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেসে যাওয়ার পথে তাকে আটক করে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, দীপকে শুক্রবার বিকেল ৫টায় ‘লেহরা দো তিরঙ্গা’ পদযাত্রার ডাক দেওয়ার পর আটক করা হয়। পদযাত্রায় অংশ নিতে না দেওয়ার জন্য কয়েক ঘণ্টা আগে তাকে নোটিশ দেওয়া হয়েছিল।
নোটিশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়। পুলিশ নির্দেশ উপেক্ষা করে কনট প্লেসের উদ্দেশে রওনা হন দীপ। পরে তাকে আটক করা হয়। একই দিনে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কর্মী নেহা বোরাকেও আটক করা হয়।
দীপকে জামিন পেলেও সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রানকা এখনও হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে জন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ এবং আগের শান্তি রক্ষার বন্ডের শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে। অন্যদিকে, সিজেপি নেতা অজিঙ্কা শিন্ডেকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে।