রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজের অগ্রণী ভূমিকা জরুরি বাংলাদেশের উন্নয়নে।

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর তখনই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’ তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ।’

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ রয়েছেন, যারা স্বেচ্ছায় মানুষের কল্যাণে এগিয়ে আসছেন। তাদের এই উদ্যোগ ও অবদান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো প্রতিযোগিতায় যারা সাফল্য অর্জন করেন, তাদের অধিকাংশই তরুণ।’ তিনি বলেন, ‘দেশের যেকোনো বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সরকারের তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবান যুবকদের সহায়তার উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ‘সরকার স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।’

অনুষ্ঠানে ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ৪৩২টি যুব সংগঠনকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তৃতা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম ও মানবিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন