প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনা ও বাগেরহাটের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাত্রা শুরু করেন তিনি।
প্রথমে মোংলায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন (সিআরসিসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করবেন।
মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে ২টি কন্টেইনার জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
দুপুরে, হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর খুলনা জেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন।
খুলনা সার্কিট হাউসে পৌঁছে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন টু এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সরকার প্রধান।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরের জন্য খুলনা নগরীতে প্রস্তুতি চলছে। দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার গল্প। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর শেষে আজই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।