পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের নামে একটি পক্ষ অশান্তি ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
আজ বুধবার বিকেলে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চলমান ঘটনা কোনো শ্রমিক আন্দোলন নয়। এখন যা হচ্ছে তা কি আন্দোলন, নাকি রাজনৈতিক এজেন্ডা?’
মন্ত্রী আরও জানান, ‘শ্রমিক নয় এমন কিছু ব্যক্তি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। কিছু মালিক আছে যারা অতীতে আওয়ামী লীগ করেছে।’
তিনি বলেন, ‘শ্রমিকরা নয়, পার্শ্ববর্তী দেশ থেকে কেউ কেউ ইন্ধন দিচ্ছে। এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয়।’
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবে আন্দোলনের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতা কঠোর হাতে দমন করা হবে।’
সালাহউদ্দিন আহমেদ জানান, প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করতে বাহিনীকে বলা হয়েছে।