শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শ্রমিকদের দাবি মেনে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জামায়াত আমিরের

শ্রমিকদের ন্যায্য দাবি মেনে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শ্রমিকদের দাবি মেনে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জামায়াত আমিরের

শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় এ কথা বলেন।

জামায়াত আমির জানান, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছে, যার ফলে অনেক শিল্পকারখানা বন্ধ রয়েছে। কিছু স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, পোশাকশিল্প দেশের প্রধান রফতানি খাত, যা বিপর্যয়ের শিকার হলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে।

শফিকুর রহমান আরও বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন। কিন্তু সরকার এ পর্যন্ত এই পদক্ষেপটি নিতে পারেনি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "শিল্প বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।" শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

জামায়াত আমির বলেন, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে ক্ষতির পরিমাণ বাড়বে। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের পরিস্থিতিতে অনেকে বিভিন্ন সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে।

এসময়, গাজীপুরের শ্রমিক হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।

বিজ্ঞাপন