যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটন। তিনি রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে পরাজিত করে এই জয় অর্জন করেছেন। ২০০৬ সালের পর এই প্রথম, অঙ্গরাজ্যটির গভর্নর পদে কোনো ডেমোক্র্যাট নির্বাচিত হলেন।
অ্যাকটন ওহাইও’র ইতিহাসে প্রথম নারী গভর্নর হওয়ার পথে রয়েছেন। পেশায় চিকিৎসক অ্যামি অ্যাকটন বিদায়ী রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনের শাসনামলে অঙ্গরাজ্যের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনী প্রচারে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তার ভূমিকা নিয়ে তাকে বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে প্রচার ব্যয় ১০ কোটি ডলার ছাড়িয়ে যায়, যা অঙ্গরাজ্যটির নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন।
অ্যাকটনের বিচ্ছিন্ন হয়ে থাকা মাকে নিয়ে তৈরি একটি বিতর্কিত টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের শেষ কয়েক সপ্তাহে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিজ্ঞাপনটি রামাস্বামীর নির্বাচনী প্রচার শিবির থেকে প্রচার করা হয়।
বিজ্ঞাপনটিতে অ্যাকটনের মা তার মেয়ের শৈশব নিয়ে মিথ্যা বলার অভিযোগ করেন এবং তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলেন। তবে বিজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়নি, অ্যাকটনের ১২ বছর বয়সে তার সৎবাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর তাকে মায়ের হেফাজত থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
বিজ্ঞাপনটি প্রকাশের পর রামাস্বামীর বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়, তবে বিতর্কের মধ্যেও তিনি প্রচার চালিয়ে যান। শেষ পর্যন্ত, নির্বাচনে জয় পান অ্যামি অ্যাকটন, যা ওহাইওতে ডেমোক্র্যাটদের দীর্ঘদিন পর গভর্নর পদে ফিরিয়ে নিয়ে আসবে।