যুক্তরাষ্ট্রের সিনেটে ইতিহাস গড়তে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাস। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান দলের সাবেক সিনেটর জন ই. সানুনুকে হারিয়ে জয় পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ সিনেটর হতে যাচ্ছেন পাপাস।
নির্বাচনী প্রচারে পাপাস তার সমকামী পরিচয়কে বিশেষভাবে সামনে আনেননি। তবে তার জয়কে সিনেটে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার নিয়ে বিরোধিতা বাড়ছে।
পাপাসের নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় ছিল জীবনযাত্রার উচ্চ ব্যয় ও স্বাস্থ্যসেবার খরচ কমানোর প্রতিশ্রুতি। অক্টোবরে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানুষ আসলে চায় তাদের প্রতিবেশীরা যেন নিজেদের মতো করে বাঁচতে পারে।’
পাপাসের আগে, ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য বার্নি ফ্র্যাঙ্ক ১৯৮৭ সালে তার সমকামী পরিচয়ের কথা প্রকাশ্যে জানান। ২০১২ সালে উইসকনসিনের ডেমোক্র্যাট প্রার্থী ট্যামি বাল্ডউইন প্রথম প্রকাশ্যে সমকামী ব্যক্তি হিসেবে সিনেটে নির্বাচিত হন।
৪৬ বছর বয়সী পাপাস নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে তার পরিবারের রেস্তোরাঁ ‘পুরিটান ব্যাকরুম’-এর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে পরিচিত ছিলেন। মাত্র ২২ বছর বয়সে নিউ হ্যাম্পশায়ারের অঙ্গরাজ্য আইনসভার প্রতিনিধি নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি।
পাপাসের জয়ের ফলে তিন মেয়াদে দায়িত্ব পালন করা ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিনের স্থলাভিষিক্ত হবেন তিনি। উল্লেখ্য, শাহিন পুনর্নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।