যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফলে হতাশা প্রকাশ করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। তিনি জানিয়েছেন, ২০২৮ সালের নির্বাচনে আবারও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রত্যয় রয়েছে।
লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্টে একটি নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ অনুষ্ঠানে জনসন বলেন, "রিপাবলিকানদের জন্য রাতটি কঠিন হয়ে উঠেছে। আমরা বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি।"
২০২৮ সালের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনব এবং আমাদের কাজ শেষ করবো।" রিপাবলিকানদের এই পরিস্থিতির পেছনে ঐতিহাসিক নির্বাচনী প্রবণতাকেও দায়ী করেন তিনি।
জনসন বলেন, "নির্বাচনের শুরু থেকেই আমরা জানতাম, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হলে শত বছরেরও বেশি সময়ের মধ্যবর্তী নির্বাচনের ইতিহাসকে অতিক্রম করতে হবে।" তিনি আরও জানান, গত ৯০ বছরে মাত্র দু'বার দায়িত্বে থাকা প্রেসিডেন্টের দলের মধ্যবর্তী নির্বাচনে আসন বৃদ্ধি বা আসন ধরে রাখার ঘটনা ঘটেছে।
নির্বাচনের ফলাফল পুরোপুরি স্পষ্ট হতে আরও সময় লাগবে বলে মন্তব্য করেন জনসন। তিনি বলেন, "পশ্চিমাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে তখনও ভোটগ্রহণ শেষ হয়নি। ফলে রাতটি দীর্ঘ হতে পারে।"
নিজেদের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণকেন্দ্রের সঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণকক্ষ ‘সিচুয়েশন রুম’-এর তুলনা করে জনসন বলেন, তারা প্রতিটি আসনের ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। চূড়ান্ত ফলাফল জানা গেলে মধ্যবর্তী নির্বাচন নিয়ে আগামী কয়েক দিনে আরও বিস্তারিত বক্তব্য দেবেন বলেও জানান তিনি।