বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সাক্ষাৎ করেছেন। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ও চীনের সম্পর্কের ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় স্থাপিত হয়েছিল। তিনি বলেন, দুই দেশের জনগণের হৃদয়ে এই সম্পর্কের বিশেষ স্থান রয়েছে এবং এর ধারাবাহিকতা বজায় রাখা তাদের দায়িত্ব।
বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দীর্ঘদিনের উপস্থিতির কারণে দেশের অর্থনীতি, সমাজ, জনমিতি ও পরিবেশের ওপর সৃষ্ট চাপের বিষয়টি তুলে ধরেন। তিনি এ সংকট সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন।
লিউ হাইশিং জবাবে জানান, চীন রোহিঙ্গা সংকট সম্পর্কে অবগত রয়েছে এবং তিনি এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বেগ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জানাবেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের বেইজিং সফরের সময় দুই দেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগের যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। চীনের সমর্থন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে অব্যাহত থাকবে।
লিউ হাইশিং বাংলাদেশের প্রতি চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা হয়।