মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকারের সহানুভূতি, জানালেন তথ্য উপদেষ্টা

পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকারের সহানুভূতি, জানালেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকারের সহানুভূতি, জানালেন তথ্য উপদেষ্টা

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে পোশাকশ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতি প্রকাশ করেছে এবং মজুরি বোর্ড গঠন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, "ফলে সমস্যা শেষ হয়ে যাওয়ার কথা।" তবে চলমান আন্দোলনে কিছু শ্রমিকের মধ্যে সহিংস আচরণ নজরে এসেছে, যা গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. রহমান আরও বলেন, "রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কিছু করতে পারবে বলে মনে করি না। তবে তাদের কাছে প্রচুর অর্থ আছে, যা কোথাও কোথাও নাশকতা ঘটানোর জন্য ব্যবহার হতে পারে।" তিনি ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হবে বলে মনে করেন না।

তথ্য উপদেষ্টা বলেন, "ডিসেম্বরের পরও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে। ১৯৯১ সালে হেরে যাওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন, সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেবেন না।"

তিনি স্বৈরাচারী সরকার ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য তুলে ধরেন এবং বলেন, "যেকোনো আন্দোলনে বিরোধীপক্ষকে দায়ী করার প্রবণতা বর্তমান সরকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।"

পুলিশের গুলি করার বিষয়ে তিনি বলেন, "আইনে লেখা আছে, পুলিশ কোন পরিস্থিতিতে হত্যার জন্য গুলি করতে পারে।" তিনি জানান, পরিস্থিতির প্রেক্ষাপটে পুলিশ লিথ্যাল উইপন ব্যবহার করতে পারে, তবে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে।

দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে এলপিজির দাম বাড়ানোর পেছনে যুক্তি রয়েছে বলেও উল্লেখ করেন ডা. রহমান। তিনি জানান, বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন