বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন সম্প্রতি মুম্বাইয়ে তার বাড়ি ‘জলসা’র সামনে ভক্তদের সঙ্গে দেখা করেছেন। বোমা হামলার হুমকি পাওয়ার পর বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ৮৩ বছর বয়সী এই অভিনেতা নিয়মিত রীতি অনুযায়ী ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় তাকে একটি উঁচু মঞ্চে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ দেয়ালের আড়াল থেকে ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায়। তার ছেলে অভিষেক বচ্চনও এ সময় তার সঙ্গে ছিলেন।
গত সপ্তাহে মুম্বাই পুলিশের কাছে একটি হুমকিমূলক ইমেইল আসার পর তার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। ইমেইলে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র নাম উল্লেখ করা হয় এবং ৩১ অক্টোবর ও ২৭ নভেম্বর সম্ভাব্য হামলার তারিখ হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়া, গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের নামও ইমেইলে উল্লেখ করা হয়, যেখানে ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে হামলার হুমকির কথাও বলা হয়েছিল। ইমেইলে খালিস্তানপন্থী স্লোগান ছিল এবং ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ নামে একটি গোষ্ঠীর স্বাক্ষর ছিল।
হুমকির খবর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে, দিলজিৎ দোসাঞ্জের নাম উল্লেখ থাকলেও তাকে সরাসরি হুমকি দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।