চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) গেটের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়টির এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের সামনে ৮ নম্বর একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় মাইশা মুশফিরাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহপাঠীরা জানান, দুর্ঘটনায় কবলিত তিন নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রামের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে সকালে ক্যাম্পাসে আসছিলেন। আসার পথেই ৮ নম্বর লোকাল বাসের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা অংশ অবরোধ করে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।