চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুনতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আরব শাহ ঘোণাপাড়া এলাকার মাওলানা আরিফুল রহমানের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারের দিকে যাচ্ছিল ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস। অপরদিকে চট্টগ্রামমুখী পুরবী পরিবহনের একটি বাস চুনতি বাজার এলাকায় পৌঁছালে দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় দুই বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।